
কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী গ্রামের অসচ্ছল ২৫টি পরিবারের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে কুবির বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী পেয়ে একজন মহিলা বলেন, “তারা ভালো একটি উদ্যোগ নিয়েছে, যা আমাদের কাছে খুবই আনন্দের। আমরা চাই ভবিষ্যতেও তারা আরও এরকম উদ্যোগ গ্রহণ করুক।”
ক্লাবের সদস্য সচিব সিফাতুল্লাহ বলেন, “এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক সংগঠন। যার শাখা শুধুমাত্র আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই নয়, বরং সারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জামালপুরসহ অন্যান্য জায়গাতেও রয়েছে।”
এছাড়াও তিনি বলেন, “রমজান আমাদেরকে শুধুমাত্র উপবাস থাকার শিক্ষা দেয় না, এর পাশাপাশি আত্মত্যাগ, সহমর্মিতা এবং দায়িত্ববোধ শেখায়। সেই জায়গা থেকে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আজকের এই উদ্যোগ আমাদের প্রথম ধাপ। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক কাজ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াবো।”
উল্লেখ্য, “তারুণ্যের ইতিবাচক বিকাশে বদ্ধপরিকর”—এই স্লোগানকে ধারণ করে এ বছর বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে ফিলিস্তিন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।