
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর চর্থা এলাকায় মতিন খন্দকারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরে ঢুকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আলম খন্দকার জানান, ইফতার করার জন্য তার মেয়ে তাদের বাড়িতে আসায় বাসাটি কিছু সময়ের জন্য ফাঁকা ছিল। এই সুযোগে চোরের দল বাসায় প্রবেশ করে আলমারিতে রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে বাসায় ফিরে তারা চুরির বিষয়টি টের পান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে নগরীর আবাসিক এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।