কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২, আহত অন্তত ৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন।

রোববার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যান।

দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন
error: Content is protected !!