কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে কোটি টাকার হিরোইনসহ ৬ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিরোইনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) মাদক সংশ্লিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এসআই কুতুবউদ্দিনের নেতৃত্বে একটি দল ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় হোটেল তিতাস (আবাসিক) এর সামনে অবস্থান নেয়।

Post Inside

এ সময় চট্টগ্রামগামী “এশিয়া এয়ারকন” পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৪২৫১ নম্বরের একটি বাসকে থামার সংকেত দেওয়া হয়।

পরে বাসটি থামিয়ে চালক ও সুপারভাইজারকে সঙ্গে নিয়ে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসে থাকা ৬ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর চকবাজার মৌলভীপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপি (২৮), গোলাম রহমান (২৭), মাহবুব (২৩), আবু সাকিব অনু (২৫), আইমান ইসলাম ওরফে ফাহিম (২৮) এবং নিলয় সাহা ওরফে দ্বীপ সাহা (২৫)।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই কুতুবউদ্দিন জানান, আসামিদের কাছ থেকে উদ্ধার করা হিরোইন ১ হাজার ২০০টি পুড়িয়ায় প্যাকেটজাত ছিল, যার পলিথিন ও কাগজসহ মোট ওজন ৮৭৫ গ্রাম। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!