
জহিরুল হক বাবু।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে মজুদকৃত অকটেন উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২১৫ লিটার অকটেন জব্দ এবং মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৯ এপ্রিল ) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও তাদের সরাসরি অংশগ্রহণে আদর্শ সদর উপজেলা প্রশাসন অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার।

অভিযানকালে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ‘মেসার্স শফিকুল এন্টারপ্রাইজ’-এ তল্লাশি চালিয়ে গোপনে মজুদ রাখা ২১৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শফিকুল (৪৩), নবগ্রাম, জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া অবৈধভাবে জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ মজুদ ও সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।