কুমিল্লায় মে দিবসে তরুণদের মানবিক উদ্যোগ; শ্রমিকদের মাঝে খাবার ও ছাতা বিতরণ

আলমগীর কবির।।
বিশ্ব শ্রমিক দিবসে কুমিল্লায় ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে একদল তরুণ। শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে খাবার ও ছাতা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম”। নগরীর ব্যস্ত সড়ক, নির্মাণাধীন ভবনের আশপাশ, রিকশাচালক ও দিনমজুরদের মাঝে এ সহায়তা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

Post Inside

প্রচণ্ড রোদ, বৃষ্টি ও অনিশ্চিত জীবিকার মধ্যেও প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলা শ্রমজীবী মানুষের মুখে সামান্য হাসি ফোটাতেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সংগঠনের আহ্বায়ক পিয়ারে মাহবুব বলেন, “শ্রমিকদের অবদান ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। তাদের ঘাম ও পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে অর্থনীতি। সেই শ্রমের প্রতি সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, এটি কেবল একদিনের কর্মসূচি নয়, ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ খান বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বড় পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই, আমাদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করুক।”

আরো পড়ুন
error: Content is protected !!