কুমিল্লায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বর্তমান সময়ে অপরাধের ধরন পরিবর্তন ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় কৌশলগতভাবে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা জুড়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

Post Inside

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে ডিবি পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে মেহেদী হাসান সাজ্জাদ (২৫) এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার রায়পুর এলাকার আবুল কামালের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মেহেদী হাসান সাজ্জাদের বিরুদ্ধে পূর্বে ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো পড়ুন
error: Content is protected !!