কুমিল্লায় হিন্দু নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাই; অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন এলাকায় এক গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোড়ের ঠাকুর পাড়া (মাস্টার পাড়া) এলাকার বাসিন্দা রত্না চক্রবর্তী (৫০) অভিযোগ করেন, একই এলাকার রানা চক্রবর্তী (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।

Post Inside

ঘটনার বিবরণে তিনি জানান, গত ১৫ মে রাত আনুমানিক ৩টার দিকে তার মেঝো ছেলে বাসা থেকে বের হওয়ার সময় তিনি প্রধান গেট বন্ধ করছিলেন। এ সময় অভিযুক্ত রানা চক্রবর্তী তার পথরোধ করে কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তার গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং পুত্রবধূদের ধর্ষণের হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে অভিযুক্তকে না পেয়ে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয় পুলিশ।

পরবর্তীতে আহত অবস্থায় রত্না চক্রবর্তীকে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অভিযোগের সঙ্গে চিকিৎসার কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুন
error: Content is protected !!