
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফেরেন জিসান প্রধান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান, তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজ জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে বাড়িতে আসার কথা ছিল। রাত ৮টার দিকে বাবাকে ফোন করে জানায় সে দাউদকান্দি পৌঁছেছে এবং কিছুক্ষণ পরই বাড়ি ফিরবে। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি।
দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর গ্রামের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে, অভিযোগ পেয়েছি। প্রযুক্তির সহায়তায় ঘটনাটি তদন্ত করে পুলিশ কাজ করছে।