জাতীয় খেলা কাবাডিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নেকবর হোসেন।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি খেলা দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। অথচ বাংলাদেশের জাতীয় খেলা হওয়া সত্ত্বেও কাবাডি ধীরে ধীরে বাঙালির খেলাধুলার তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। এ খেলাকে টিকিয়ে রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডির প্রসারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৪ জুন) কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Post Inside

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক দরুল হুদা জেনু।

প্রতিযোগিতায় মোট ৮টি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

একই দিন বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!