তাহমিদ-আবীরের নেতৃত্বে কুবির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন

বি এম ফয়সাল,কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কোউমুনা)-এর ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান আবীর।

শুক্রবার (৩ জুলাই) সংগঠনের উপদেষ্টা, ট্রাস্টি বোর্ডের সদস্য, সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

Post Inside

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ রামিম, যুগ্ম সম্পাদক রুবাইয়া সুলতানা সাথী, কোষাধ্যক্ষ তানজিলা আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।

এছাড়া একাডেমিক উইংয়ের পরিচালক হয়েছেন মো. হাশিবুর রহমান নিলয় ও মো. আদনান; ডেলিগেট অ্যাফেয়ার্স উইংয়ের পরিচালক নাদিরা জান্নাত চৌধুরী; প্রশাসন উইংয়ের পরিচালক মোহাম্মদ ইয়াসির হামেদ চৌধুরী; ইভেন্ট উইংয়ের পরিচালক মেহরাব হোসাইন; অপারেশন উইংয়ের পরিচালক আহমেদ ফাহমিদ কাদের এবং ডকুমেন্টেশন অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক নুর মোহাম্মদ পরশ মনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবীর বলেন, “কখনো ভাবিনি এই সংগঠনকে একদিন এই জায়গা থেকে দেখব। এখন চেষ্টা থাকবে, যেন আগামী প্রজন্মও এটিকে নিয়ে একই রকম গর্ব করতে পারে।”

নবনির্বাচিত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, “এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।”

উল্লেখ্য, জাতিসংঘভিত্তিক শিক্ষা, কূটনীতি, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে।

আরো পড়ুন
error: Content is protected !!