কুমিল্লায় বাবার মৃত্যুর ৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের বাসিন্দা মো. ওয়াকিল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে মাত্র ৯ দিন আগে তার বাবা মারা যাওয়ায় শোকাহত পরিবারে নেমে এসেছে আরেকটি অপূরণীয় ক্ষতি।

রোববার (১২ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তার খালার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত ওয়াকিল তেবারিয়া গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে এবং দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াতে গিয়ে বিকেলে খালার বাড়ির ছাদে ঘুরতে ওঠেন ওয়াকিল। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, মাত্র ৯ দিন আগে ওয়াকিলের বাবা জাকির মিয়া মারা যান। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। এ ঘটনায় পুরো তেবারিয়া গ্রামেও শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন
error: Content is protected !!