কুমিল্লায় বাস-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে ফুয়াদ হোসেন (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফাঁসি বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত ফুয়াদ হোসেন নোয়াখালী জেলার সদর উপজেলার নুয়ান্নই গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে ফাঁসি বটগাছ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি অজ্ঞাতপরিচয় লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!