
নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, কুমিল্লার সহযোগিতায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান। তিনি বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনকে মানুষের কাছে পৌঁছে দিতে শিল্পকলা একাডেমি নিয়মিতভাবে নানা সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ও সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব এবং নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মাহাতাব সোহেল ও রোমানা রুমী।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। বর্ষার আবহে জাতীয় কবির প্রেম, প্রকৃতি ও মানবতার বার্তায় ভরপুর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।