দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, একজনের ১ বছরের কারাদণ্ড

দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) আটক ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Post Inside

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর নূর মসজিদের পাশ থেকে সুলতানপুর গ্রামের বাসিন্দা নয়ন মিয়া (৫২) ও জাকির হোসেন (৪৯)-কে ৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

একই দিন বিকেলে সুলতানপুর ইউনিয়নের সানানগর এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ (২৭), সুরুজ মিয়া (৭০) ও কাউছার আহমেদ (২৮)-কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কুমিল্লা কোতয়ালি থানার ছোটরা এলাকার বাসিন্দা মামুন (৩৩)-কে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মেহেদী হাসান (৩৮)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মাদকবিরোধী অভিযানে ৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরো পড়ুন
error: Content is protected !!