
নিজস্ব প্রতিবেদক।।
জমকালো আয়োজন, প্রাণবন্ত অংশগ্রহণ এবং বন্ধুত্বের উচ্ছ্বাসে কুমিল্লায় উদযাপিত হয়েছে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি এবং ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপের ৫ম বর্ষপূর্তি।
গত শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী নগরীর রেসকোর্স এলাকার রেড রুফ ইন মিলনায়তনে আয়োজিত এ পুনর্মিলনীতে জেলার বিভিন্ন উপজেলা ও থানার প্রায় ২০০ জন বন্ধু, তাঁদের পরিবার এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় বর্ষপূর্তি অনুষ্ঠান।

আয়োজকরা জানান, ২০২১ সালের ২৪ জুলাই যাত্রা শুরু করা ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপটি বন্ধুত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়া এটি দেশের প্রথম দিকের একটি আঞ্চলিক ব্যাচভিত্তিক সংগঠন, যা সরকারি অনুমোদন ও নিবন্ধন লাভ করেছে।
দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে উপস্থিত বন্ধুদের হাতে স্মারক টি-শার্ট, গ্রুপের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রকাশিত স্মরণিকা এবং অ্যাডভোকেট ইকবালের সৌজন্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে আয়োজিত ‘প্রতিভার আসর’-এর বিজয়ীদের মধ্যে
পুরস্কার বিতরণ করা হয়। এরপর জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।

দ্বিতীয় পর্বে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার। এ সময় মো. ইউসুফ মোল্লা টিপু সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বন্ধুত্বের এমন বন্ধন সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করছে। ভবিষ্যতেও সংগঠনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লার জনপ্রিয় সংগীতশিল্পী সুমনসহ গ্রুপের বন্ধু বিশ্বজিৎ, মোশারফ মাস্টার এবং আরও কয়েকজন সংগীত পরিবেশন করেন। প্রিয় বন্ধুদের গানে অংশগ্রহণকারীরা নাচ, গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অনেকেই স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করেন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সংগঠনকে সফলভাবে এগিয়ে নেওয়া এবং বর্ষপূর্তি আয়োজন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ওমর ফারুক, কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, অ্যাডভোকেট ইকবাল, শফিক শাওন, লিফট মামুন, রোমান আলম, সাংবাদিক আলমগীর কবির, নাভানা আলমগীর, খোকন নন্দী, সোহেল সরকারসহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া লটারির বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের অ্যাডমিন মামুন আব্দুল্লাহ। তিনি উপস্থিত সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডমিন কাজী সাইফুল, অ্যাডভোকেট ইকবাল, অ্যাডভোকেট সাইফুল আলম, ফজলুল হক ছোটন, জাকির হোসেন, আনিছুর রহমান, সাংবাদিক আলমগীর কবির, হাবিবা লিপি, নাজমা আক্তার, সফুরা সুলতানা এনি, এস মাসুদ, আল আমিন হোসেন রাকিব, আনোয়ার হোসেন, এয়ার আহমেদ, নুরুদ্দিন সোহেল, সুপ্রিয়া টুম্পা, নাভানা আলমগীর, সোহেল সরকার, শেখ আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত, ডা. কামরুল, আরিফ, ইউসুফ, কামরুল ইসলাম রাজুসহ অনেকে। তাঁরা বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের অন্যতম আয়োজক অ্যাডভোকেট ইকবাল বলেন, এই সংগঠন শুধু একটি ব্যাচভিত্তিক প্ল্যাটফর্ম নয়, এটি বন্ধুত্ব, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি পরিবার। ভবিষ্যতেও ইউনিটি ফাউন্ডেশনের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেষে জাপানপ্রবাসী ফাউন্ডার অ্যাডমিন ওমর ফারুক এবং ইঞ্জিনিয়ার কাজী সাইফুলের পক্ষ থেকে উপস্থিত সকল বন্ধু, আয়োজক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।