
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বরুড়ায় কিশোর অপরাধ, মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী নাজমুল হক বলেন, ‘মাদক ও কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে। আর স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করে। তাই মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে লাল কার্ড দেখিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই এখন থেকেই সচেতন হও, ভালো মানুষ হও এবং দেশকে ভালোবাসো।’
পরে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়াম, অন্তু, ইফতি, মেহেদী, সোহান, আশিক, সাইফুল, ফখরুলসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।