৭ দফা দাবিতে কুমিল্লায় দলিল লেখকদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার।।
দেশের প্রায় দুই লাখ দলিল লেখকের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সম্প্রদায়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানি ভাতা, পেশাগত স্বীকৃতি, সরকারি কার্যালয়ে বসার স্থান ও নামাজের স্থান নির্ধারণ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি।

মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়।

Post Inside

স্মারকলিপিতে বলা হয়, দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে দেশের জনগণকে সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। এ খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ দলিল লেখকেরা পেশাগতভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সাত দফা দাবির মধ্যে রয়েছে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না; প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন করতে হবে; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দলিল লেখকের মাধ্যমে প্রস্তুতকরণ ব্যবস্থা বহাল রাখতে হবে।

এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া বন্ধে কার্যকর বিধান করার দাবি জানানো হয়েছে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণের দাবিও রয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতেই দলিল প্রস্তুত করা হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখা বা মুসাবিদার জন্য দলিল লেখকদের আসামি করা যাবে না। পাশাপাশি দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিও দাবি করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম এ এইচ মঞ্জু, সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সাজিব ও সিনিয়র সহ-সভাপতি নাজিরুল ইসলাম হুমায়ুন।

এ সময় সদর দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ও মনিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রবিউল ও দেলোয়ার হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলিল লেখক সম্প্রদায়ের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে এলেও পেশাগত নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারা দলিল লেখকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন দলিল লেখক সম্প্রদায়ের নেতারা।

আরো পড়ুন
error: Content is protected !!