কুমিল্লায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Inside

নিহত দুই শিশু হলো বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তাঁর ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!