কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে এক রাতেই ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শনিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকার পাশাপাশি কিশোর অপরাধপ্রবণ স্থানগুলোতেও বিশেষ নজর দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।

Post Inside

আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, বাকি ১৩৩ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবক বা পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত এক মাসে আট দফা অভিযানে মোট ৩ হাজার ৬৮৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৫২৮ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!