কুমিল্লায় গেটম্যানহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক নান্টু আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর তিনি নিজেই একটি অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজি আক্তার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Post Inside

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি রেললাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়ভাবে জানা যায়, রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় চালক ছাড়া অ্যাম্বুলেন্সে অন্য কোনো যাত্রী ছিলেন না। সংঘর্ষের সময় চালক নান্টু সিট থেকে ছিটকে পড়ে আহত হন। পরে তিনি নিজে উঠে একটি অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ পেয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ভাঙাচোরা অংশ রেললাইন থেকে সরিয়ে নেন। পরে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়। সুবর্ণ এক্সপ্রেসও স্বাভাবিক গতিতে ঘটনাস্থল অতিক্রম করে চট্টগ্রামের দিকে চলে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় অ্যাম্বুলেন্সটি রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরো পড়ুন
error: Content is protected !!