
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

গ্রেপ্তাররা হলেন আড়াইওরা খানপাড়া এলাকার রাকিব খান (২৬), আড়াইওরা এলাকার ইমন (২৫), শাসনগাছা এলাকার সাকিব (২৬), সংগ্রায়েস এলাকার নাহিদ (২২), শাসনগাছা এলাকার শরিফ (২৭), বজ্রপুর এলাকার রকি (১৯), গোবিন্দপুর এলাকার ইয়াছিন (২৭), মুরাদনগরের সাতমুড়া এলাকার সোহেল (২৫), অশোকতলা এলাকার জাহিদ (২০) এবং মুরাদনগরের পাঁচপুকুরিয়া এলাকার রবিন (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওৎ পেতে থাকার কথা স্বীকার করেছে। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা।
পুলিশের দাবি, নগরীতে ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।