
স্টাফ রিপোর্টার।।
‘আপনার চোখকে ভালোবাসুন’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার আয়োজনে নগরীর ঝাউতলা এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

র্যালিতে কুমিল্লার বিভিন্ন চক্ষু চিকিৎসক অংশ নেন। কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পপুলার ফার্মাসিউটিক্যালস।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’—এটি শুধু বিশ্ব দৃষ্টি দিবসের একটি স্লোগান নয়, বরং সবার জন্য চোখের যত্নের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান। চোখ শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ছোটখাটো সমস্যা অবহেলা করলে অনেক সময় তা বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে।
তারা বলেন, বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা জরুরি। সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তির জটিলতা প্রতিরোধ করা সম্ভব। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্ন নেওয়ার বিষয়েও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এএম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।