
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মু. মুমিন ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মু. ইব্রাহিম রনি।
ময়নামতি থানা শাখার সভাপতি মু. যোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মু. বরকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি মো. সাইফুল আলম, সানাউল্লাহ রাসেল, অধ্যক্ষ আবদুল হান্নান, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল আউয়াল এবং বুড়িচং পৌর জামায়াতের আমির মো. তাজুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও গৌরব। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত ২১১ জন শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।