
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ভারতীয় হুইস্কি, অলিভ অয়েল, ট্যাং, মশা প্রতিরোধক ক্রিম ও বাজিসহ ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পৃথক চারটি অভিযানে চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। অভিযানে ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ৭০ প্যাকেট বাজি, ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং, ৬০০টি ওডোমস ক্রিম, চার বোতল ভারতীয় হুইস্কি ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড়ে সিদ্দিকুর রহমানের বাড়ির ফটকের সামনে অভিযান চালান পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর থানার সিদলা এলাকার আল আমিনের ছেলে মো. আলম মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়।
বিকেল ৫টা ৩৫ মিনিটে শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এসআই রূপম কুমার সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিকেল ৩টা ৫০ মিনিটে শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ইদু মেম্বারের বাড়ির উত্তর পাশের সেতুসংলগ্ন সড়কে অভিযান চালান এসআই মো. আল-আমিন। এ সময় চার বোতল ভারতীয় তৈরি হুইস্কিসহ কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকার হরিদাস চন্দ্র নমঃর ছেলে অজিত চন্দ্র নমঃকে (২৯) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের পাশে আরএমসি নামের একটি ট্রেনিং সেন্টারের সামনে অভিযান চালান এসআই মো. শামীম হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় ছয় কেজি গাঁজাসহ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার টিটু (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চারটি পৃথক অভিযানে চোরাচালান ও মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় এসব পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পণ্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।