২০ বছর কারাভোগের পর কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি মুক্ত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ২০ বছর বা তদূর্ধ্ব সময় কারাভোগের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদিকে খালাসে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কারাবিধির ১ম খণ্ডের ৫৬৯ নম্বর বিধি এবং আইন ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়।

Post Inside

মুক্তি পাওয়া কয়েদি হলেন মো. ফয়সল হোসেন ওরফে জনি (৪২)। তিনি কুমিল্লা নগরের শাকতলা রেলগেটের দক্ষিণ পাশের বাসিন্দা এবং আঃ জলিলের ছেলে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার মামলা নম্বর-২২, তারিখ ৮ এপ্রিল ২০০৪, জিআর-৫৩৬/২০০৪ ও দায়রা-৫২/২০০৫ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় ফয়সল হোসেনকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কারাবিধি অনুযায়ী ২০ বছর বা তদূর্ধ্ব সময় কারাভোগ করায় এবং জরিমানার অর্থ পরিশোধ করায় ফয়সল হোসেনের অবশিষ্ট দণ্ড ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার মওকুফ করে। পরে কারা অধিদপ্তর, ঢাকার ৫ অক্টোবরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে খালাসে মুক্তি দেওয়া হয়।

আরো পড়ুন
error: Content is protected !!