কুমিল্লার দাউদকান্দিতে শখের বাইকই কেড়ে নিল যুবকের প্রাণ

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক আরোহী মো. মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার চন্দ্রবান ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত মারুফ হোসেন দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের মো. মাসুদ রানার ছেলে। তিনি মোটরসাইকেলে করে গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে পাঠান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেলে থাকা অপর আরোহীর সঙ্গে কথা বললে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

আরো পড়ুন
error: Content is protected !!