
স্টাফ রিপোর্টার।।
আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি, অন্তরের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম। জিকিরের মাধ্যমে মানুষ মহান আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট রাখার পাশাপাশি তাকওয়া, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের অনুপ্রেরণা লাভ করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা এবং তাঁর সন্তুষ্টি অর্জনে আমল করার প্রতি গুরুত্ব দিতে হবে।
আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রামের মেষতলী বাজারসংলগ্ন মাদরাসা মাঠে আয়োজিত মাহফিলে তিনি আরও বলেন, সঠিক আকিদা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ধর্মের নামে প্রচলিত শিরক, বিদআত, কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে হবে।
তিনি বলেন, মানুষের বাহ্যিক বেশভূষা কিংবা সামাজিক উপাধি নয়, বরং ঈমান, তাকওয়া, হালাল উপার্জন, আমল-আখলাক এবং মানুষের সঙ্গে তার আচরণই প্রকৃত পরিচয় বহন করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে চলার মধ্য দিয়েই একজন মানুষের প্রকৃত সফলতা অর্জিত হয়।
আমীরে হিযবুল্লাহ বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষের দেশ, ইসলামের দেশ। এ দেশের মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে কাউকে খেলতে দেওয়া যাবে না। কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করছেন, আবার কেউ আশেকে রাসুল পরিচয় দিয়ে আশেকে শয়তানের কাজ করছেন। এ ধরনের লোকদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
মাহফিলে ভার্চুয়ালি সভাপতির বক্তব্য দেন পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদরাসার সভাপতি আলহাজ মো. আলমগীর কবির মজুমদার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব শাহ সুফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মৃতি ধারণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় প্রতিবছরের ধারাবাহিকতায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মরহুম পীর সাহেবের পাশাপাশি তাঁর পিতা এয়ার আহম্মেদ মজুমদারের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। একই সঙ্গে বর্তমান পীর সাহেব, নিজের ও নিজের পরিবার-পরিজন এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।
তিনি মাহফিল আয়োজন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
দুই দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন। তাঁদের আলোচনায় পবিত্র কোরআন-হাদিসের শিক্ষা, ইসলামী জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি ও নৈতিকতার বিভিন্ন দিক উঠে আসে।
মাহফিল পরিচালনা করেন পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ পেয়ার আহমেদ আল আজহারি, জহিরুল কাইয়ূম নিজাম, এয়াকুব আলী মজুমদার ও ওয়াহিদুর রহমান মজুমদারসহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা দায়িত্ব পালন করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত পীর ছাহেব কেবলা। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।