কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন; মোবাইলের শেষ লোকেশন ছিল আজিজ ম্যানশন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) বুলেট বৈরাগী (৩৪) হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোনের শেষ অবস্থান ছিল সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার ‘আজিজ ম্যানশন সংলগ্ন’ এলাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন বুলেট বৈরাগী। রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত তার স্ত্রী উর্মি হীরার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Post Inside

পরদিন শনিবার সকালে স্ত্রী ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্ট দেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে, পরিবারের সদস্যরা ও স্বজনরা নিজ উদ্যোগে তার মোবাইলের অবস্থান শনাক্তের চেষ্টা করেন। ডিবি পুলিশের এক কর্মকর্তার সহায়তায় জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটে তার ফোনটি আজিজ ম্যানশন সংলগ্ন এলাকায় সক্রিয় ছিল।

তবে এ তথ্য পাওয়ার পরও তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এ সময় সংশ্লিষ্ট থানা এলাকাকে কেন্দ্র করে পুলিশের মধ্যে কিছুটা সমন্বয়হীনতাও দেখা যায়।

এরই মধ্যে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

এক বছর সাত মাস আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া বুলেট চট্টগ্রামের অলংকার মোড় থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন শুক্রবার রাত ১১টার দিকে। স্ত্রী উর্মি হীরার সঙ্গে সর্বশেষ রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত মোবাইলে কথা হয়। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। তিন দিন আগে বিবাহবার্ষিকী উদযাপন করা উর্মি শনিবার সকাল ১০টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে বুলেটের সন্ধান চেয়ে পোস্ট দেন।

চাকরির সুবাদে দুই বছরের বেশি সময় ধরে কুমিল্লার পানপট্টি এলাকায় ভূইয়া হেরিটেজের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বুলেট।

বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর কাস্টমসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। স্ত্রী, ৯ মাস বয়সী সন্তান এবং বৃদ্ধ বাবা-মাকে নিয়ে তিনি কুমিল্লায় বসবাস করতেন।

ঘটনায় কে বা কারা জড়িত-ছিনতাইকারী নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
error: Content is protected !!