
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাল হোসেন (৩২) নামে দুই কন্যাসন্তানের জনকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আজাদনগর গ্রামের আবুল বারেকের মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। তাঁদের সংসারে মরিয়ম (৬) ও আরজিন (৩) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই কাবিননামাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। দাম্পত্য কলহের কারণে স্ত্রী তানিয়া আক্তার বেশির ভাগ সময় বাবার বাড়িতে অবস্থান করতেন।

নিহতের বড় ভাই আব্দুল সামাদ জানান, বুধবার রাতে জামাল হোসেন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাইয়ের স্ত্রী জান্নাতুল বেগম ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাঁকে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘরের দরজা খুলে জামালের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া জানান, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।