
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মহানগর কমিটির পদ নিয়ে জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে দলের দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যায় নগরীর গাংচর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় মহানগর সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গাড়ি ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।