
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের কারাদণ্ড এড়াতে ভারতে পালিয়ে আট বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন মো. শরীফ। পুলিশের দাবি, তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন।
রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শরীফ ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার একটি মাদক মামলায় আদালত শরীফকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা এড়াতে তিনি ভারতে পালিয়ে যান এবং দীর্ঘ আট বছর সেখানে আত্মগোপনে ছিলেন।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার শরীফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।