কুমিল্লায় ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এ কে এম ফরিদ আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে।

Post Inside

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তবে সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।

রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা-পুলিশ বাংপাই গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে একই দিন বিকেল ৩টার দিকে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ কে এম ফরিদ আমিন একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল এ কে এম ফরিদ আমিনের।

আরো পড়ুন
error: Content is protected !!