কুমিল্লায় মদপানে ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনের মৃত্যু, অসুস্থ ৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে মদপানের পর অসুস্থ হয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২২ অক্টোবর রাতে উপজেলার ধান্নারপাড় এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি এত দিন গোপন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌রোগের কথা প্রচার করা হয়। তবে পরে অতিরিক্ত মদপানের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা কেউ কথা বলতে রাজি হননি।

Post Inside

নিহতরা হলেন দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তর পাড়ার ধান্নারপাড় এলাকার ভূঁইয়া বাড়ির বাচ্চু মিয়ার ছেলে ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সালাউদ্দিন (৩২) এবং উপজেলার হাপুড়খাড়া গ্রামের আলম মিয়ার ছেলে বাসার খান (৩১)।

অসুস্থ চারজন হলেন ধান্নারপাড় এলাকার আতিক (৩৩), শাহীন শাহ (২৮), মোহাম্মদ নাঈম (২৮) এবং এলাহাবাদ গ্রামের অজ্ঞাতপরিচয় এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর রাতে ধান্নারপাড় এলাকায় নাঈমের মামার বাড়িতে সালাউদ্দিন, বাসার খানসহ কয়েকজন মদপান করেন। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরদিন সালাউদ্দিনকে নিজ ঘরে অসুস্থ অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ২৪ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সালাউদ্দিনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। অনেকে শোকবার্তাও দেন। অন্যদিকে, মদপানের পর অসুস্থ হয়ে পড়া বাসার খানকেও প্রথমে দেবিদ্বার ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে গত ২৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অন্য অসুস্থরাও গোপনে চিকিৎসা নিতে ঢাকায় যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম বলেন, নিহত সালাউদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, অতিরিক্ত মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। এ কারণে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে তাঁরা নজরে রেখেছেন।

এদিকে, নিহত দুই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই তাঁদের মরদেহ দাফন করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর ঘটনা সত্য। মাদকসংশ্লিষ্ট বিষয় হওয়ায় সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় পরিবার হয়তো বিষয়টি গোপন রেখেছে। এ বিষয়ে আগে কেউ পুলিশকে জানায়নি বা কোনো অভিযোগ করেনি। মরদেহ দাফনের পর সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তাঁরা। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত থানা-পুলিশ বলতে পারবে।

আরো পড়ুন
error: Content is protected !!