
দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮টি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫টি ফার্মেসি পরিদর্শন করে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে যথাযথ রেজিস্টার সংরক্ষণ এবং অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।