কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Post Inside

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের পর কোনো এক সময় চট্টগ্রামগামী (ডাউন লাইন) ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে, যা ট্রেনের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনাকে স্পষ্ট করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে এলাকাবাসী রেললাইনের উপর একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উল্লেখ্য, এ বছরের ২৩ এপ্রিল একই স্থান থেকে রেল কাটা অবস্থায় তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, মাধবপুর রেললাইন অংশটি নিরিবিলি হওয়ায় বিভিন্ন সময় হত্যার পর লাশ গুম করতে এই স্থানটিকে ব্যবহার করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!