
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল হকের ছেলে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের প্রস্তুতিকালে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল মোতালেবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে গুণবতী মাদরাসা মোড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।