গাড়ি চালিয়ে কুমিল্লা ফিরছিলেন, পথে মোটরসাইকেল ধাওয়া; চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরের হাজীগঞ্জ থেকে রোগী দেখা শেষে কুমিল্লার বাড়ি ফিরছিলেন চিকিৎসক মো. নাজমুল হাসান আখন্দ (৫৫)।

Post Inside

বুধবার বিকেল তিনটার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা এলাকায় কয়েকজন উচ্ছৃঙ্খল মোটরসাইকেল আরোহী তাঁর প্রাইভেটকারকে ধাওয়া করে এবং একপর্যায়ে হেলমেট দিয়ে গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়।

আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেন এবং সড়কের পাশে গাড়ি থামিয়ে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাঁকে দ্রুত কুমিল্লা নগরের সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

চিকিৎসক নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকার বাসিন্দা এবং তিন দশক ধরে সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠরোগ–বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছিলেন। তিনি প্রতি বুধবার সকালে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখতেন।

সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মুন্সী বলেন, নাজমুল আখন্দ গাড়িতে একাই ছিলেন, কীভাবে ঘটনা ঘটেছিল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়, তিনি দুই সন্তানের জনক।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন চিকিৎসক গাড়ি চালানোর সময় মোটরসাইকেলগুলোকে চাপ দেন, এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহীরা তাঁকে ধাওয়া করে ও গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়। ধারণা করা হচ্ছে আতঙ্কেই তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

তাঁর আকস্মিক মৃত্যুতে কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকা এবং সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন
error: Content is protected !!