
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তরুণদের মেধা ও প্রযুক্তি উদ্ভাবনের সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। ‘ফিবোনাক্কি ইন্টারন্যাশনাল রোবটিক্স অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুমিল্লার কৃতি সন্তান শেখ মোহাম্মদ রবিন ও তাঁর নেতৃত্বাধীন টিম।
শেখ মোহাম্মদ রবিনের নেতৃত্বে Team IBN FIRNAS ‘Entrepreneurship and Projects (11-12)’ ক্যাটাগরির Green সেগমেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় তাঁদের উদ্ভাবনী প্রকল্প ‘NextGen Mobile Plasma ETP’ প্রদর্শন করে ব্রোঞ্জ মেডেল ও Honorable Mention পদক অর্জন করেন।

পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর এ প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে দলটি। তাঁদের এ অর্জন কুমিল্লার তরুণ প্রজন্মের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার সম্ভাবনাকে আরও সামনে নিয়ে এসেছে।
শেখ মোহাম্মদ রবিন কুমিল্লার কৃতি সন্তান। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন। তিনি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসে অধ্যয়নরত এবং বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
রবিনের বাবা পূর্বে প্রবাসে থাকলেও বর্তমানে ঢাকায় ব্যবসা পরিচালনা করছেন। পারিবারিকভাবে পাওয়া উৎসাহ ও নিজের মেধা-পরিশ্রমের সমন্বয়ে ছোটবেলা থেকেই শেখ মোহাম্মদ রবিন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জন শুধু শেখ মোহাম্মদ রবিন ও তাঁর টিমের নয়, বরং কুমিল্লার জন্যও গর্বের বিষয়। কুমিল্লার তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির মঞ্চে যেভাবে দেশের পতাকা উড়াচ্ছেন, তা নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেখ মোহাম্মদ রবিন ও তাঁর পুরো টিমের জন্য কুমিল্লাবাসীর পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁদের এ সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও বড় আন্তর্জাতিক অর্জন বয়ে আনবে—এমন প্রত্যাশা সবার।