
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক মাসে ১১৯ জনকে আটক করেছে থানা পুলিশ। গত ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১১৯ জনের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর ১১৫ জনকে সামারি ট্রায়ালের ( সংক্ষিপ্ত বিচার ) জন্য আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে আদালত কোনো কোনো ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা এবং কাউকে শুধু জরিমানা করেছেন।

থানা পুলিশ বলছে, মাদক সেবন ও এর বিস্তার ঠেকাতে সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে মাদক অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, শুধু মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান নয়, মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে মাদকের চাহিদা কমানোর পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখার পরিবেশ তৈরি হবে বলে মনে করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান ইতিবাচক ভূমিকা রাখছে। তবে শুধু আইন প্রয়োগের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন, পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো এবং কিশোর ও তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগও প্রয়োজন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতিতে’ কাজ করছে পুলিশ। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।