ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ দশ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের (পশ্চিমপাড়া) ধনু মিয়ার বাড়ির মৃত শহীদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগমের বসতঘরে বৃহস্পতিবার দিবগত রাত আনুমানিক তিনটার সময় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

Post Inside

ক্ষতিগ্রস্ত ফাতেমা বেগমের দেবর নাজমুল হাসান বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ কমপক্ষে দশলাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা বলতে পারছি না।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হবে। প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে তাদের সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!