দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, পথচারী গুরুতর আহত

শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।

Post Inside

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মহাসড়কের শহীদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালক সাকিব (২৮) ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। এসময় শহীদ নগর এলাকায় রাস্তা পারাপারের সময় হেলেনা (৫৫) নামে এক নারী পথচারীকে ধাক্কা দেন। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক সাকিব ও পথচারী হেলেনা গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিব মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নয়া দিঘীর পাড় গ্রামের মো. হাবিবের ছেলে।

অন্যদিকে গুরুতর আহত পথচারী হেলেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে যান চলাচল সবসময়ই ব্যস্ত থাকে, অথচ রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও মানুষ ব্যবহার করছে না। ফলে প্রায়ই এ এলাকায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।

এ প্রসঙ্গে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, “দাউদকান্দির শহীদ নগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং এক নারী আহত হয়েছেন। আহতকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

আরো পড়ুন
error: Content is protected !!