বুড়িচংয়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জহিরুল হক বাবু।।
জালনোট প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুড়িচংয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি বুড়িচং বাজার শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সার্বিক নির্দেশনায় এ ওয়ার্কশালাটি অনুষ্ঠিত হয়।

Post Inside

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জালনোট সনাক্তকরণ, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জালনোট প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এবং সহকারী পরিচালক (ক্যাশ) মো. আবদুর রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। অগ্রণী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আবদুল করিম সেখ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহ সেলিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি বুড়িচং শাখার ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন বুড়িচং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

কর্মশালায় সোনালী, জনতা, ন্যাশনাল, সোশ্যাল, এক্সিমসহ বুড়িচং উপজেলার বিভিন্ন ব্যাংক ও এনজিওর ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জালনোট সনাক্তকরণ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

আরো পড়ুন
error: Content is protected !!