
আলমগীর কবির।।
কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া বাজারজাত করার দায়ে একটি আইসক্রিম কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে কারখানায় পাওয়া অননুমোদিত কাঁচামাল ও উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং মুরাদনগর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত দয়াময় আইসক্রিম ফ্যাক্টরি (ব্র্যান্ড: ফাস্ট) দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। অভিযানে কারখানায় ব্যবহৃত বিভিন্ন অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য কাঁচামাল পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই আইসক্রিম উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করছিল।
এসব অপরাধের প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বশীল প্রতিনিধি মো. ইমন সম্রাট (২০)-কে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানায় মজুদ থাকা অননুমোদিত কাঁচামাল ও উৎপাদিত আইসক্রিম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বী। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ।
বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।