
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন তুলাতুলী গ্রামের আব্দুল মৃধার ছেলে ও স্থানীয় সাংবাদিক বাতেন মৃধার ছোট ভাই। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আব্দুল বাতেন মৃধা ও চন্দনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন মেম্বারের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হলেও এক পক্ষ উপস্থিত না হওয়ায় কোনো সমাধান হয়নি। পরে সালিশ শেষে বাড়ি ফেরার পথে তুলাতুলী মৃধা বাড়ির নতুন মাটির রাস্তার ওপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আব্দুল বাতেন মৃধার পক্ষের আজিজ (৪৫) ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন (৩২) গুরুতর আহত হন। এ ছাড়া প্রতিপক্ষের নাছির উদ্দিন (৪৭) ও তার শ্যালক হালিম (৩৬) কুপিয়ে জখম হন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আহতদের প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।