৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের; দরজার সামনে অভুক্ত

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তির কাদরায় ছয় ছেলে থাকা সত্ত্বেও নিজ বাড়িতে আশ্রয় না পেয়ে ঘরের দরজার সামনে অভুক্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ উঠেছে ৮৫ বছর বয়সী বৃদ্ধা জয়নব ভানুর। উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত সৈয়দ আহমেদের স্ত্রী জয়নাব ভানু (৮৫), বৃদ্ধ জয়নব ভানু জানায় দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে ছেলেদের বাড়িতে প্রবেশ করতে পারেননি তিনি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার সামনে অসহায় অবস্থায় বসে থাকেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁকে দেখতে পেয়ে খোঁজখবর নেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি স্বামীর ভিটায় একটি কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার আকুতি জানান।

Post Inside

এ বিষয়ে মেজো ছেলে আবুল কাশেম দাবি করেন, দীর্ঘ এক বছর মা কোথায় ছিলেন, তা তিনি জানেন না এবং কয়েকবার তাঁকে ডেকেছেন। বড় ছেলে শাহজাহানের স্ত্রী জানান, বৃদ্ধা তাঁদের দরজার সামনে কয়েক মিনিট বসেছিলেন; পরে কী হয়েছে, তা তিনি জানেন না। সেজো ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী জানান, তিনি কখন এসেছেন, আমরা কেউ বলতে পারব না।

জয়নব ভানুর মেয়ে ঝর্ণা বেগম জানান, মায়ের খবর শুনে আমি ছুটে আসি বিশ বছর যাবৎ তারা আমার মায়ের সাথে এমন আচরন করছে। তারা চায় আমার মাকে আমার বাড়িতে তুলে দিতে।

স্থানীয় আব্দুল কাদের খান ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী বসে সমাধানের উদ্যোগ নেবেন।

জয়নব ভানুর ছয় ছেলের মধ্যে শাহজাহান ও আবুল কাশেম বাড়িতে বসবাস করলেও বাকি চার সন্তান প্রবাসে রয়েছেন।

চিতোষী পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলম বেলাল জানান, বিষয়টি আমি অবগত না তবে বার্ধক্যে একজন মায়ের এমন ঘটনা সত্যিই হৃদয়বিদারক। সামাজিকভাবে ছেলেদের বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।

শেষ পর্যন্ত ছেলেদের ঘর ঠাঁই না পেয়ে জয়নব ভানুকে নিয়ে যায় মেয়ে ঝর্না বেগম।

আরো পড়ুন
error: Content is protected !!