কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ কর্মসূচি ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন মিয়া।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বিশেষ ঋণ কর্মসূচির উদ্বোধন, সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগ-২-এর (কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া) ব্যবস্থাপক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলা পরিষদ এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখায় ১০ জন সদস্যের মাঝে ঋণের চেক বিতরণের মাধ্যমে বিশেষ ঋণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Post Inside

এরপর কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পল্লী সঞ্চয় ব্যাংক, জেলা (আঞ্চলিক) কার্যালয় কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে সফল শাখাগুলোকে উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগ (চট্টগ্রাম বিভাগ-২)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে ছয় জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ৫৩টি শাখার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ঋণ বিতরণ, সঞ্চয় বৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শাখাগুলোর মধ্যে উৎসাহমূলক পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিটি শাখা একটি করে সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যাংকের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রধান দায়িত্ব শাখা ব্যবস্থাপকদের। কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ পুরস্কার শুধু স্বীকৃতি নয়, বরং আরও ভালো কাজের জন্য অনুপ্রেরণা। যারা এবার পুরস্কার পাননি, তাদেরও ভবিষ্যতে ভালো পারফরম্যান্সের মাধ্যমে পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে।

বক্তারা বলেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

আরো পড়ুন
error: Content is protected !!