কুমিল্লায় যুবলীগ আহ্বায়কের ওপর হামলা; প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকেসহ গাড়ির চালককে পিটিয়ে আহত করা হয়। এসময় চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

Post Inside

শাহজালাল মজুমদার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান। আহত শাহজালাল মজুমদার সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী লীগের একটি পক্ষের রাজনৈতিক রোষানলের শিকার। এর জের ধরে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির সামনে সাত-আটজন অস্ত্রধারী তার ওপর হামলা করে। তাকে বহনকারী গাড়ি (ঢাকা মেট্রো গ ৪৩-৬৮৯৬) ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা তাকে ও গাড়ির চালককে পিটিয়ে জখম করে।

এদিকে ইউপি চেয়ারম্যান শাহজালালের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনার পর জুয়েলের অস্ত্র হাতের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া জুয়েল দলের বিভিন্ন কর্মসূচিতে অস্ত্র হাতে মহড়া দিতো বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
error: Content is protected !!