ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার ( ২৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে র‍্যালিটি বের হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

Post Inside

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে সচেতনামূলক র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বাড়ে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে জন্য বাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরো পড়ুন
error: Content is protected !!