অবৈধভাবে মাটি কাটায় চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও স্কেভেটর জব্দ; মামলা দায়ের

স্টাফ রিপোর্টার।।
অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Post Inside

সোমবার (১২ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় ও গতকাল ১১ জানুয়ারি ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানকালে যুগিরখিল এলাকা থেকে মাটি কাটার সঙ্গে জড়িত দুটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। পরে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১৩ ধারা অনুযায়ী জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে প্রদান করা হয়।

অন্যদিকে, কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি কাটার মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধেও একই আইনের একই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।

আইনের ১৩ ধারা অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং যেকোনো পরিমাণ অর্থদণ্ডের বিধান রয়েছে। যথাযথ আদালতে বিচারিক প্রক্রিয়া ও নিলাম সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল ছাড় করা হবে।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আনসার সদস্যবৃন্দ ও চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরো পড়ুন
error: Content is protected !!